সাংবাদিক শফিক রেহমানের বাসা ঘেরাও করেছে পুলিশ। তার বাসার পাশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচীতে বেগম খালেদা জিয়া উপস্থিত থাকার কথা থাকার কারণে পুলিশ ঘেরাও করে বলে জানা যায়।
কর্মসূচী বাতিল করা হলেও আজ সকাল থেকে শফিক রেহমানের বাসা ঘেরাও করে রাখে পুলিশ।
পুলিশী বাধায় ইস্কাটন গার্ডেনে দুস্থদের মধ্যে খাবার বিতরন কর্মসূচী পালন করতে পারেনি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
উপস্থিত সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের সাথে প্রতিক্রিয়ায় লেখক শফিক রেহমান বলেন, গত বছরে মে মাসের প্রথম সপ্তাহে মতিঝিল শাপলা চত্বরে সমবেত হেফাজত কর্মীরা যখন নিরাপত্তাবাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছিলেন, ঠিক সেই সময়ে আমার বাড়ি আক্রমণ করেছিল প্রায় ৩০জন দুর্বৃত্ত। তখন রমনা থানায়, যেটি আমার বাড়ি থেকে পাঁচশ গজ দূরে অবস্থিত, যোগাযোগ করা হলেও কোনো সাহায্য পাওয়া যায়নি। বরং, থানা থেকে জানানো হয়, আমার বাড়িতে আমার সাহায্যে এলে, তাদের চাকরি চলে যাবে।
শফিক রেহমান বলেন, সেই মে মাসের পরে আরেক মে মাসের শেষ সপ্তাহে আজ সকাল আটটাতে আপনারা (পুলিশরা) আমার বাড়িতে এসেছেন একটি শান্তিপূর্ণ সমাবেশ যেটা বাড়ির বাইরে ফুটপাথে হবার কথা ছিল এবং যেটা গতকালই পুলিশের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে। অথচ জিয়াউর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশটি হলে এই পাড়ার ৫ শতাধিক অভাবী মানুষ একবেলা খাবার এবং শাড়ি-লুংগি পেত।
সুতরাং বর্তমানে যে পুলিশবাহিনী আছে তারা বৈষম্যমূলক আচরণে অভ্যস্ত হয়ে পড়েছে। সরকারের অনুকূলে দুর্বৃত্তরা হিংসামূলক সমাবেশ করলে পুলিশ কোনো বাধা দেয় না কিন্তু বিরোধীদের দাক্ষিণ্যমূলক সমাবেশ করার আগেই তারা বাধা দেয়।
শফিক রেহমানের এই বক্তব্যে পুলিশবাহিনীর সদস্যরা বাহ্যত বিব্রত ও লজ্জিত বোধ করেন। তাদের নেতা বলেন, কি করবো স্যার? উপরের নির্দেশ।
শফিক রেহমান তাদের বলেন, দেশে এখন কোনো বৈধ সরকার নেই। সুতরাং উপরের নির্দেশ আপনারা বৈধভাবে অমান্য করতে পারেন। আর সেটা যদি না পারেন, তাহলে চা-বিস্কিট খান।
শফিক রেহমান তাদের জিজ্ঞাসা করেন, তাদের বাড়ি গোপালগঞ্জে কি না। উপস্থিত সকল পুলিশ দ্রুত সমবেত কণ্ঠে উত্তর দেন তাদের কারো বাড়িই গোপালগঞ্জে নয়।
শফিক রেহমান বলেন, আপনাদের কথা বিশ্বাস করলাম। আমার ক্যামেরায় আপনাদের ফটো তুলে রাখছি। সরকার বদল হয়ে গেলে আপনাদের যেন কোনো বিপদ না হয় সেই চেষ্টা তখন করবো এবং কিভাবে একটি নির্দলীয় মনোভাবাপন্ন পুলিশবাহিনী গড়ে তোলা যায়, সে বিষয়ে আপনাদের মতামত নেব।
এরপর উপস্থিত দুই প্লাটুন পুলিশ, চার নারীপুলিশসহ প্রায় ৩০ জন, ১৫ ইস্কাটন গার্ডেনসের গার্ডেনে চা-বিস্কিট খেয়ে দুপুর পর্যন্ত উপস্থিত থাকেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
সাংবাদিক শফিক রেহমানের বাসা পুলিশের ঘেরাও
সাংবাদিক শফিক রেহমানের বাসা ঘেরাও করেছে পুলিশ। তার বাসার পাশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচীতে বেগম খালেদা জিয়া উপস্থিত থাকার কথা থাকার কারণে পুলিশ ঘেরাও করে বলে জানা যায়। কর্মসূচী বাতিল করা হলেও





