দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই কথা বলেন। সকালে নাশকতার পাঁচ মামলায় রিজভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিজভীকে কারাগারে পাঠানোর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বলেন, সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানবতাবোধও হারিয়ে ফেলেছে। বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

তিনি বলেন, রিজভী একজন আইনজীবী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। মামলার এজাহারে রুহুল কবির রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তাঁর নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।

এম এ