বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সচেতন রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। যার ধারাবাহিকতায় সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে সাঁজানো, অযৌক্তিক ও মিথ্যা স্বাক্ষ্য বলে রাজনৈতিক নীল নকশার ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আপিল খারিজ করে প্রানদণ্ডে দণ্ডিত করেছে। তিনি আরও বলেন, জামায়াত একটি আদর্শবাদী আন্দোলনের নাম। লোভ, ফাঁসি বা মৃত্যুর ভয় দেখিয়ে এই দলের নেতা-কর্মীদেরকে আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না।

সরকার বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করতেই এ বিচারিক হত্যা ও হঠকারীতার পথ বেছে নিয়েছে। কালক্রমে বাংলাদেশের জনগণ অবশ্যই এ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।

শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মনজুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদ্বয় যথাক্রমে দেলওয়ার হোসেন, আবদুল জব্বার, এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এস এম জুয়েল, আব্দুর রহমান সাজু প্রমুখ নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামের ইতিহাস বলে আন্দোলনের নেতা-কর্মীদের ওপর নির্যাতন যত বাড়বে আল্লাহর সাহায্য ততো নিকটবর্তী হবে এবং নির্যাতনকারীদের পরিণাম কখনো শুভ হয় না। তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দন্ডাদেশ বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তি দিন অন্যথায় আপনাদেরকেও একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে।

দোয়া অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল মহান আল্লাহ তায়ালার দরবারে এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সহ সকলের মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এছাড়াও একই কর্মসূচিতে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কলাবাগান, খিলগাঁও, রমনা, লালবাগ, শাহজাহানপুর, গেন্ডারিয়া, খিলগাঁও থানা পশ্চিম, মুগদা থানা, সবুজবাগ দক্ষিণ থানা, ধানমন্ডি, সবুজবাগ উত্তর থানা, মুগদা থানা দক্ষিণ, কোতয়ালী থানা শাখায়ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এএইচ