বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে সংবিধানের ষোড়শ সংশোধনীকে সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংশোধনীর মাধ্যমে বিচার ব্যবস্থা একটি দলের, আওয়ামী লীগের অধীনে চলে গেলো।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত দেশব্যাপী হরতাল কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যে জনগণের ম্যান্ডেটবিহীন সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পন করেছে। এই সংশোধনীর মাধ্যমে মাননীয় বিচারপতিদের অপসারণ, অভিশংসন ক্ষমতা এমন একটি সংসদের কাছে অর্পণ করা হলো যা জনগণের ভোটে নির্বাচিত নয়।
এই সংশোধনী বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার পরিপন্থী এমন দাবী করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের একটি প্রধান প্রতিষ্ঠান স্বাধীন বিচার বিভাগ সেটাও দলীয়করণ চূড়ান্ত হলো। এই সংশোধনীর ফলে বিচারপতিদের ওপর যে মনস্তাত্মিক চাপ সৃষ্টি হবে তাতে করে জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার আশংকা সব সময়ই থাকবে।
তিনি আরও বলেন, দেশের বরেণ্য সংবিধান বিশেষজ্ঞ আইনজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দের কেউই এই সংশোধনীকে সমর্থন করেননি। সবাই মনে করেন আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনকে পাকাপোক্ত করা এবং একনায়কতন্ত্রকে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার জন্যই এই সংশোধনী পাশ করিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই সংশোধনী মেনে নিতে পারে না। তাই ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই সংশোধানীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই সংশোধনী বাতিলের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর রোজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ঢাকা, এমএইচ, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





