বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। গত কয়েক দিন তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করতে দেওয়া হয়েছে। এ কারণে তিনি বৃহস্পতিবার ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামতে পারছেন না।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার বিকালে টাইমনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত কয়েক দিনের হামলায় চেয়ারপারসনের গাড়িসহ নয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) গাড়িও রয়েছে। গাড়িগুলো মেরামতে ওয়ার্কশপে দেওয়ায় বৃহস্পতিবার ম্যাডাম প্রচারণায় নামতে পারছেন না।
খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফা হামলায় সিএসএফ সদস্যসহ মোট ১১ জন বর্তমানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বার বার হামলার শিকার হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সর্বশেষ বুধবার বিকেলেও রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাতে বুধবার বিকেলে গুলশানের বাসা থেকে বের হন খালেদা জিয়া। নয়াপল্টনের দিকে আসার পথে বিকেল সোয়া ৫টার দিকে বাংলামোটরে একদল যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে খালেদার গাড়িবহরে হামলা চালায়। এতে তার উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজি এম এ কাইয়ুমসহ কয়েকজন আহত হন।
এর আগে, সোম ও মঙ্গলবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় পাঁচজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ির গ্লাস। যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। মঙ্গলবার প্রচারণার একপর্যায়ে ফকিরাপুলে হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। সর্বপ্রথম রবিবার উত্তরায় ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সরকারদলীয় সমর্থকদের বাধার সম্মুখীন হন খালেদা জিয়া।
এমএইচ





