ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমার রায় নিয়ে অস্পষ্টতা আছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার সমুদ্রসীমার রায় নিয়ে তথ্য বিকৃতি করে রাজনৈতিক রং ছড়াচ্ছে। এটা ঠিক হচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সমুদ্রসীমার রায় নিয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় হাফিজ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সমুদ্র সীমা নিয়ে সরকারের কোন বিজয় হয় নি, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই।’ এ সময় তিনি সরকারের কাছে সমুদ্র সীমার রায়ের পূর্ণাঙ্গ ব্যাখাও দাবি করেন।
মেজর (অব.) হাফিজ বলেন, ‘বলা হচ্ছে বাংলাদেশের জয় হয়েছে, ভারতেরও জয় হয়েছে। এখানে জয়-পরাজয়ের বিষয় নাই। এটাকে বিজয় বলা যাবে না।
তিনি বলেন, বিরোধপূর্ণ ২৫ হাজার বর্গকিলোমিটার সমুদ্রের সমস্তটাই ছিল বাংলাদেশের। সালিশি আদালতের রায়ে সেখান থেকে দক্ষিণ তালপট্টিসহ ৬ হাজার বর্গ কিলোমিটার ভারত পেয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক সালিশি আদালতে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ মামলায় বাংলাদেশ সরকার দেশের স্বার্থকে গুরুত্ব দেয়নি। এ মামলায় ভারত আইনজীবী নিয়োগ করলেও বাংলাদেশ কোন আইনজীবী নিয়োগ করেনি। এমনকি বাংলাদেশের এটর্নি জেনারেলও সেখানে যাননি।
অভিযোগে তিনি আরও বলেন, ভারতের আইনজীবী তাদের স্বার্থের পক্ষে বারবার নোট অব ডিসেন্ট দিলেও বাংলাদেশের পক্ষে ঘানার আইনজীবী কোন তৎপরতা দেখাননি। ফলে বাংলাদেশের স্বার্থের পক্ষে সরকার কোন দাবি প্রতিষ্ঠা করতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘আশা করি বাংলাদেশ ভারতের সঙ্গে কতটুকু সমুদ্র সীমা পেয়েছে, তার সঠিক তথ্য জনগনের সামনে প্রকাশ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
সংবাদ সম্মেলন আয়োজন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ বলেন- সরকারকে ছোট করতে নয়, আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের টেকনিক্যাল বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ করতেই এ সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলেনে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর





