সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা ঘোষণার পর দলটির পক্ষ থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল (শুক্রবার) জুমার নামাজের পর জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি। পরদিন (শনিবার) সারাদেশে প্রতিবাদ সমাবেশ।

আজ (বৃহস্পতিবার) বেলা ৩টা ৫০ মিনিটে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় তিনি আরও বলেন, এই রায় দেশের রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত করবে। দেশের মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা কমে যাবে। রায়কে কেন্দ্র গত কয়েকদিন ধরে যুদ্ধ অবস্থা তৈরী করেছে সরকার।  

মির্জা ফখরুল বলেন, আজ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। পুলিশের সহায়তায় কোথাও কোথাও সরকার সমর্থকরা হামলা চালিয়ে।

ফখরুল বলেন, গতকাল আমরা খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছিলাম, যদি রায় আপনার বিরুদ্ধে যায় তাহলে কোন ধরনের কর্মসূচি দেবো। তিনি তখন জোর দিয়ে বলেছিলেন, কোনো রকমের হটকারী কর্মসূচি দেয়া যাবে না। কোনো ধরনের সহিংস কর্মসূচি দেয়া যাবে না। আমরা শান্তি চাই। গণতান্ত্রিক পরিবেশ চাই।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এই মামলায় শুনানির পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

বাকি পাঁচ আসামি হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

মুস্তাঈন