বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ একের পর এক সহিংস ঘটনা ঘটাচ্ছে।
সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অবৈধ ও অনৈতিক সরকারের ভীত নেই। রাষ্ট্র পরিচালনায় তারা ব্যর্থ। নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনা এর সবচেয়ে বড় প্রমাণ। তাদের এসব অপকর্ম ঢাকতেই তারা একের পর এক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে।
নূর হোসেন গ্রেফতার প্রসঙ্গে সৈয়দ আশরাফ কিছুই জানেন না- এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশ চালানোর কাজে সরকারের মন্ত্রী এবং কর্মকর্তাদের মাঝে কোনো সমন্বয় নেই।
বিএনপি মুখপাত্র বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) একটাই লক্ষ্য কীভাবে ক্ষমতায় থাকা যায়। তিনি (আশরাফ) দলের সেক্রেটারি এবং গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রী, একজন এসপি এ ঘটনা জানেন অথচ তিনি জানেন না।’
সংবাদ সম্মেলনে আরও মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহকারী দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





