খোঁড়া যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের লাশ নিতে অনুমতি দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পিয়াস করিমের পরিবারের পক্ষে তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন আবেদন করলেও বুধবার বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাশ নেয়ার অনুমতি দেয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ গণমাধ্যমকে জানান, শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখতে দেয়া হবে না। এ ব্যাপারে পিয়াস করিমের পরিবারের পক্ষ থেকে যে আবেদন দেয়া হয়েছে সঙ্গত কারণে তা গ্রহণ করতে পারছেনা কর্তৃপক্ষ।

তিনি জানিয়েছেন কিছু সংগঠন ওই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয়ায় নিরাপত্তার কারণে সেখানে শ্রদ্ধা জানানোর মতো কোন কর্মসূচির অনুমতি দেয়া যাচ্ছে না।

এদিকে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে সকাল থেকে পুলিশ শহীদ মিনার এলাকা ঘিরে রেখেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা যে কোন মূল্যে দেশ বরেণ্য বুদ্ধিজীবী পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেয়ার ঘোষণা দিয়েছেন।

অপর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের লাশ রাখতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। বিকালে এক সংবাদ সম্মেলনের পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, আগামী শুক্রবার সকাল ৯টা থেকে ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন। তারা যে কোন মূল্যে শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখার চেষ্টা প্রতিহত করবেন।

সূত্র: জাস্ট নিউজ

জেএ