ছাত্রশিবিরকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দায়িত্বহীন ও বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ দায়িত্বহীন, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণিত। স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে সাংবাদিকদের দেয়া বক্তব্যে বলেছেন, ছাত্রশিবির বিভিন্ন নামে দেশকে অস্থিতিশীল করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। আমরা দৃঢ় ভাবে বলতে চাই, ছাত্রশিবির কোন প্রকার জঙ্গিবাদে বিশ্বাস করে না, বরং নিয়মতান্ত্রিক ভাবেই সকল কর্মসূচি পালন করে। যার সাক্ষী আপামর ছাত্রজনতা।


নেতৃবৃন্দ বলেন, দেশ পরিচালনায় নিজেদের অযোগ্যতা ও সীমাহীন ব্যর্থতাকে আড়াল করতেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা একের পর এক স্ববিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই দেশে-বিদেশে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে দেশ থেকে জঙ্গিবাদ দমনের কথা বলেছেন। তথ্যমন্ত্রী কথায় কথায় জঙ্গিবাদের জিকির করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও মন্ত্রীরা দাবী করছেন বাংলাদেশে কোন জঙ্গির অস্তিত্ব নাই। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন ছাত্রশিবির বিভিন্ন নামে দেশকে অস্থিতিশীল করছে। যা শুধু পরষ্পর বিরোধীই নয়, চরম বিভ্রান্তিকরও বটে। দায়িত্বশীল ব্যক্তিরা এমন আবোল তাবোল বক্তব্য দিয়ে নিজেদেরকে হাস্যরসের পাত্রে পরিণত করছেন। আমরা বলব, সরকারের উচিৎ আগে মন্ত্রী এমপিদের বক্তব্যের নামে প্রলাপকে নিয়ন্ত্রন করা।


নেতৃবৃন্দ বলেন, দেশে কোন ঘটনা ঘটলেই তার দায়ভার জামায়াত-শিবিরের উপর চাপানো সরকারের একটা অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এমন বহু ঘটনার সাথে আ.লীগই জড়িত তা বহুবার প্রমাণ হয়েছে। ময়মনসিংহে জঙ্গি ছিনতাইয়ের মূল হোতা ছিল যুবলীগ নেতা। অন্য দিকে আওয়ামীলীগের অঙ্গসংগঠন আওয়ামী ওলামা লীগের নেতারা সংবাদ সম্মেলন করে নিজেদের মধ্যেই আনসারউল্লাহ বাংলাটিমের উপস্থিতি দাবী করেছে। যা মিডিয়ার কল্যাণে দেশবাসী দেখেছে। সেখানে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ও উদোর পিন্ডি ভূদোর ঘাড়ে চাপাতে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদের সাথে শিবিরকে জড়িয়ে বিবৃতি প্রদান অত্যন্ত দুঃখজনক।


নেতৃবৃন্দ এ ধরণের মিথ্যা ও বিদ্বেষ প্রসূত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার পাশাপাশি অগণতান্ত্রিক ও মানবাধিকার লংঘনকারী সকল আচরণ পরিহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকলের প্রতি আহ্বান জানান।

এমএম