জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার বিরোধী আন্দোলনের আগে দেশের মানুষের আস্থা অর্জনের জন্য জনগণের কাতারে দাঁড়াতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি বলেন, হলের আবদ্ধ ঘরে স্লোগান দিলে হবেনা, রাস্তায় আন্দোলন করতে হবে। সেজন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটটিউশন মিলনায়তনে সেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে ধ্বংস কররা ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করে ব্যারিষ্টার রফিকুল ইসলাম বলেন, ‘দেশকে অস্তিত্ব সংকটে ফেলতে তার (তারেক রহমান) বিরুদ্ধে অনেক আগে থেকেই ষড়যন্ত্র হয়েছে। সেজন্য ষড়যন্ত্র করে ১/১১ এর সময়ে তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।’
হত্যা করে তারেক রহমানের জীবনীশক্তি নি:শেষ করে দেওয়ার জন্য ওই সময়ে পরিকল্পিতভাবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিলো বলেও দাবি করেন বিএনপির এই জেষ্ঠ্য নেতা।
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অংশ হিসেবে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়ানো হয়েছে, অভিযোগ করে তিনি বলেন, ওই মামলার আসামী মুফতি হান্নানকে হত্যার ভয় দেখিয়ে সাদা কাগজে তার স্বীকারোক্তি নেওয়া হয়েছে।
এ কথা মুফতি হান্নান নিজের মুখে স্বীকার করেছে। তিনি যদি ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত থাকতেন, তাহলে ১/১১ এর সরকার কি তাকে ছেড়ে দিতো? কিন্তু তখনও এই মামলায় তার নাম আসেনি।’
তারেক রহমান দেশে ফিরে আসতে চায় জানিয়ে তিনি বলেন, ‘অসুস্থতার কারনে তিনি দেশে আসছেন না। তবে সুস্থ হয়ে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকার ছাত্রলীগ ও প্রশাসনকে ব্যবহার করে ৫ জানুয়ারির একতরফা নির্বাচন করেছে। এইচ টি ইমাম বক্তব্যে নির্বাচন প্রভান্বিত করার বিষয়টি উঠে এসেছে। সরকার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ তার।
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি অগ্নিঝরা আন্দোলন উপহার দিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা রহমান রিপন প্রমুখ ।
এমএইচ





