পুলিশের ছোড়া পিপার স্প্রের ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

তিনি বলেন, ‘পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। এ ছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দুজন চিকিৎসক আনা হয়েছে।

গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়াপারসন জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নিতে বিকেল সোমবার পৌনে ৪টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকের কাছে আটকে যায়।

কারণ, প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগেই তালা ঝুলিয়ে দেন। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন।

বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম।

কিন্তু গেট না খোলায় নেতা-কর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকেন। এক পর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ ১০ নেতা-কর্মী আহত হন। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল টাইমনিউজবিডির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হক তুহিন, রাইজিংবিডির ফটো সাংবাদিক মেহেদী জামান, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান।

এ ছাড়া খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, গুলশান অফিসের কর্মকর্তা জসিম উদ্দিন গুরুতর আহত হন।

এ ছাড়া প্রাক্তন এমপি আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার ইয়াসমিন চৌধুরী মনিসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

পিপার স্প্রে ছোঁড়ার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এখানে কী ঘটেছে যে পিপার স্প্রে ছুড়তে হলো। কেন এই কাজ করলেন। দেখছেন না কথা বলছি। কথাও বলতে দেবেন না নাকি। পুলিশ চুপ করে থাকলেই তো হয়।’

তিনি আরো বলেন, ‘পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু একটি বিশেষ জেলার পুলিশ এই বাহিনীর ইমেজ নষ্ট করছে। এই বাহিনীর মধ্যে দলীয় এজেন্ট ঢুকে গেছে। বাড়াবাড়ি করবেন না, এর পরিণতি ভালো হবে না।’

এমএইচ/এসএইচ