আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭০ সালের পর নৌকার পক্ষে এমন গণজোয়ার আর দেখিনি।
তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকার পক্ষে সারা দেশে ভোট বিপ্লব হবে। এই ভোট বিপ্লবের মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতি ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় সোনাপুর-জোরালগঞ্জ সড়কের কাজ পরিদর্শনকালে কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে নৌকার গণজোয়ার দেখে পাকিস্তানি ভাবধারায় যারা রাজনীতি করে তারা নির্বাচনে বিশৃঙ্খলার সৃষ্টির ষড়যন্ত্র করছে। কেউ ভোটকেন্দ্র পাহারা দেয়ার নামে সন্ত্রাস-নৈরাজ্য করার চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে জনগণের রায়ে আওয়ামী লীগ ভোট বিপ্লবের মাধ্যমে আবারো ক্ষমতায় আসবে।





