দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই ঢাকায় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
বিএনপির দফতর সূত্র জানায়, ২৯ জানুয়ারি কালোপতাকা মিছিলসহ রাজধানীতে একটি সমাবেশ করা হবে।
এই সমাবেশ নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী করতে ইতোমধ্যে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন।
এর আগে গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র হত্যা ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে ২৯ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারাদেশে কালোপতাকা মিছিল ও র্যােলি কর্মসূচি পালনের ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি সফল করতে সোমবার সকাল ১১টায় দলের জরুরি যৌথসভা আহ্বান করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে রাজধানীর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। ওই যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হবে।
ইতোমধ্যে ২৯ জানুয়ারির কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর বিএনপি একটি যৌথসভা করেছেন। সেখানে মহানগরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ের সকল নেতাকর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায়।
আইনজীবী সূত্রে জানা যায়, সোমবার রাতে আইনজীবী ফোরাম ও পরিষদের খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভায় বিএনপির নেতৃত্বাধীন কর্মসূচি সফল করাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা আইনগত মোকাবেলা কিভাবে করা যায় ও চলমান আন্দোলন নিয়ে আলোচনা হতে পারে।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি(টাইমনিইজবিডি)// জেআই[/b]