রাজধানীর পল্টনে গতকাল বিএনপির সমাবেশে সরকারকে নিয়ে প্রবীন রাজনৈতিক নেতা ড. কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পূণর্বাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন যে ভাষায় কথা বলেছেন তা রাস্তার ভাষা। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করা হলে তার সমোচিত জবাব দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মামলা কোনো রাজনৈতিক দলের নয়, এটি তত্ত্বাবধায়ক সরকারের আমলের। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। এটা আদালতের ব্যাপার। মামলাতেই হেরে যাওয়ার পেছনে তারাই দায়ী।’

ড. কামাল হোসেন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তিনি সীমা ছাড়িয়ে গেছেন। সরকারকে লাথি মেরে নামাবেন, তাড়াবেন এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না।’

আওয়ামী লীগ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতি এই দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে।

জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করল। সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে শেষ করায় ১৩ শ' ৮৮ কোটি টাকা উদ্বৃত্ত থেকে গেছে। এ জন্য জাপানি কোম্পানি জাইকাকে ধন্যবাদ জানান তিনি।

এএস