সংসদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা দিয়ে অভিসংশন আইন করায় তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, এর মাধ্যমে সরকার বিচার বিভাগের মাথায় যম-টুপি পরাতে যাচ্ছে।

শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১/১১ কুশিলবরা তারেক রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। এই ষড়যন্ত্রকারীরা এখনও তারেক রহমানের নাম শুনলে ভয়ে শিউরে ওঠে। কারণ তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারেক রহমানের ছায়ার সঙ্গে আওয়ামী লীগ যুদ্ধ করছে অভিহিত করে তরিকুল বলেন, তিনি দেশের বাইরে থেকে যখন দেশের উন্নয়ন নিয়ে কথা বলেন তখন আপনাদের এত ভয় লাগে কেন?

বিএনপির এই নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা একে খন্দকারের বই নিয়ে সমালোচনা করছেন। কিন্তু একই কথা তাজউদ্দীন আহমেদের মেয়ে যখন বলেছিলেন তখন তো চুপ করে ছিলেন। একে খন্দকারকে তো আপনারাই মন্ত্রী বানিয়েছেন-উপদেষ্টা বানিয়েছিলেন। যখন তিনি সত্য কথা প্রকাশ করলেন তখন আপনাদের গায়ে জ্বালা ধরে গেল। এ ধরনের হীন মানসিকতা পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

চলমান আন্দোলন প্রসঙ্গে তরিকুল ইসলাম বলেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। তাই জনগণের আর পিছু হটার সুযোগ নেই। এই মুহূর্তে আন্দোলনের কোনো বিকল্প নেই। তবে দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সম্প্রচার নীতি মালার সমালোচনা করে তিনি বলেন, দেশের ৯০ থেকে ৯৫ ভাগ গণমাধ্যম সরকারের লোকজনের মালিকানায় তারপরেও গণমাধ্যমগুলো সত্য প্রকাশ করায় সম্প্রচার নীতিমালার নামে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় সরকার।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমাদের প্রতিজ্ঞা করতে হবে আওয়ামী লীগ যা করছে ভবিষ্যতে ক্ষমতায় গেলে আমরা তা করব না। তাহলেই দেশের মানুষ আমাদের আন্দোলনে আরও সক্রিয় অংশগ্রহণ করবে।

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও দূর্নীতি রোধে কঠোর অবস্থান নিবে। বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রফেসর ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোস্তাহিদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য প্রফেসর ড. আ,ফ,ম ইউসুফ হায়দার, বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পিয়াস করিম,জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজ, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ