আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “জনগণ আওয়ামী লীগকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”
আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ একটা সরকার। আমাদের ভুলত্রুটি কিছু আছে।”
ওবায়দুল কাদের বলেন, “বিএনপির রাজনীতি নেতিবাচক। ভুলের চোরাবালিতে আটকে গেছে। নয় বছরে যারা আন্দোলন করতে পারেনি, বাকি নয় মাসে তারা আন্দোলন করবে-এটা কেউই বিশ্বাস করবে না। বিএনপির অতীতের যে রাজনীতি, তাদের যে সহিংসতার রাজনীতি, এটি জনগণ প্রত্যাখ্যান করেছেন।”
কাদের আরও বলেন, “তারা এখন যতই আন্দোলনের ডাক দেবে, জনগণ তাতে সাড়ে দেবে না। আসন্ন নির্বাচনের আগে তারা যে আন্দোলন করবে, তা জনগণ ও তাদের দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করবে না। দেশের মানুষ তাদের আন্দোলনে নয় বছরে সাড়া দেয়নি, নয় মাসেও দেবে না। বিএনপির রাজনীতি এখন বারে বারে ভাঙা রেকর্ড বাজানো।”
চাঁদপুর, ঠাকুরগাঁওসহ সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় জনসমাগমের উদাহরণ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জনগণ আওয়ামী লীগকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”
ওবায়দুল কাদের বলেন, “জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তারা জানে আওয়ামী লীগ সরকার এলে দেশে উন্নয়ন হবে। সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ কোনো আমলেই হয় নাই। আমাদের ভুলত্রুটি হলে তা সংশোধনের মানসিকতা আমাদের আছে। চাঁদের মধ্যেও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ একটা সরকার। আমাদের ভুলত্রুটি কিছু আছে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।”
এমবি





