বিশ্ব ইজতেমায় যোগ দেবেন না তাবলীগ জামায়াতের দিল্লি মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্দলভি।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মাধ্যমে গত দু’দিন ধরে মাওলানা সাদের বাংলাদেশে আগমনকে ঘিরে সৃষ্ট উত্তেজনা প্রশমন হলো। সৃষ্ট সঙ্কট নিরসনে বিকালে তাবলীগের মুরব্বি ও আলেমদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল’সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
আজ বিকাল ৩টার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যার আগে। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মাওলানা সাদ ইজতেমা মাঠে যাবেন না। তিনি কাকরাইল মসজিদে অবস্থান করবেন।
বৈঠকে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটওয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ধর্ম সচিব (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, তাবলিগের শুরার সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ মাসুম, খান মুহাম্মাদ শাহাবুদ্দীন নাসিম, মাওলানা জিয়া বিন কাসেম, ইউনুছ শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ অংশ নেন।
গতকাল বুধবার মাওলানা সাদের ঢাকায় আসার বিরোধীতা করে দিনভর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাবলীগ জামাতের একাংশ। তারা মাওলানা সাদকে ইজতেমায় অংশ নিতে দেবেন না বলে ঘোষণা দেন।
আজ সকালে মাওলানা সাদ ইজতেমায় যাবেন না বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এমবি





