আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৮ টায় এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাজীপাড়ায় মিছিলে পুলিশি বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

এর আগে বুধবার জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ৩ দিনের হরতালসহ দোয়া ও বিক্ষোভের ঘোষণা দেয় দলটি।

শনিবার সকাল সাড়ে ৮টায় মিরপুরের কাজীপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে দলের নেতাকর্মীরা।

মিছিলটি কাজীপাড়া ব্রিজের কাছে পৌছালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে জামায়াত নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে কেউ হতাহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

ওই মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মোবারক হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য লস্কর মো. তসলিম হোসেন ও মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

এদিকে রাজধানীর মহখালীতেও বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার সকাল সাড়ে ৮টায় মহাখালী রেলগেইট থেকে শুরু হয়ে মিছিলটি শাহীনবাগ এলাকায় এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরীর সহকারী সেলিম উদ্দীন, রমনা থানা আমীর রেজাউল করিম, দক্ষিণখান থানা আমীর আতিকুর রহমান প্রমুখ।

ইআর/এআর/জেআই