দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ ডিমলা উপজেলা ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই। অথচ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এককভাবে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করেছেন যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

এছাড়া কমিটির অধিকাংশ নেতাকর্মী বিবাহিত ও অছাত্র বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, উপরোক্ত কারণে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় ডিমলা উপজেলা শাখা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ২৩ সেপ্টেম্বর ২০১৪ থেকে বিলুপ্ত করা হলো।

এছাড়া যেসব ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তা বাতিল করে পূর্বের সকল কমিটি পুনর্বহাল থাকবে বলে জানানো হয়।

এ ব্যাপারে ডিমলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার জানান, কমিটি বিলুপ্তির বিষয়ে তিনি কিছু জানেন না। আর ইউনিয়ন কমিটিগুলো কারও একক সিদ্ধান্তে নয়, গঠণতন্ত্র মোতাবেক করা হয়েছে বলে জানান তিনি।

ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিকুল ইসলাম মুক্তি বলেন, দলের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারিতা ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য আমাদের ইউনিটের এ করুণ পরিণতি। তার মতে, জেলা কমিটির সিদ্ধান্ত আমাদের মেনে নেওয়া উচিত।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির এক জরুরি সভায় ডিমলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর