৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ দেশব্যাপী কর্মসূচি চলাকালে বিভিন্ন জেলায পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা মহানগর বিএনপির কালো পতাকা সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসতে থাকেন। এ সময় পুলিশ মিছিলে লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় এক ফটোসাংবাদিক আহত হন। ঘটনাস্থল থেকে বিএনপির তিন কর্মীকে আটক করে পুলিশ।
তবে আটক বিএনপির তিন কর্মীর নাম-পরিচয় জানা যায়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দাবি করেন, মিছিলে পুলিশের লাঠিপেটায় ১২ নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ সকালে কালো সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে বিএনপির পাঁচ কর্মী আহত হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবসে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা সমাবেশ শেষে মিছিল বের করি। এ সময় পুলিশ মিছিলের ওপর হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে ছাত্রদল নেতাসহ অন্তত পাঁচজন আহত হন।’
ঝালকাঠিতে পুলিশ বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সরদার মিজানুর রহমান কার্যালয়ের তালা খুলে ভেতরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পণ্ড হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে ঝালকাঠি শহরে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
জেড





