দেশে চলমান রাজনৈতিক সঙ্কট এবং আন্দোলন দমনে বিরোধীদের উপর সরকারের দমন পীড়নে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এ উদ্বেগের কথা জানিয়ে অবিলম্বে সঙ্কট উত্তরণে পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় দেশে বিদ্যমান চরম রাজনৈতিক সংকটকে পাশ কাটিয়ে তাকে আইন্শৃঙ্খলাজনিত সঙ্কট হিসেবে অবহিত করে জবরদস্তির মাধ্যমের আন্দোলন দমনের হুমকি দিয়ে যাচ্ছে সরকার। মন্ত্রীরা দেখা মাত্রা গুলির নির্দেশ দিচ্ছেন। বিজিবি, পুলিশ এবং র্যারব প্রধান কর্তৃক বিরোধীদের দমনের হুঙ্কারসহ রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।
যৌথঅভিযানের নামে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের আটক, হত্যা, গুম এবং নির্যাতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী খিলগাও এবং চাপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে। নড়াইলের জামায়াত নেতাকে ঢাকায় গুলি করে হত্যা করেছে। এভাবে সারা দেশে দমন পীড়ন চলছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর।
সংবাদ সম্মেলনে দাবি করা হয় আন্দোলন দমনের জন্য ভীতি প্রদর্শন, গণমাধ্যমে কঠোর সেন্সরশিপ আরোপ এবং চলমান দমন পীড়ন ও নির্যাতনে পেশাজীবী সমন্বয় পরিষদ দারুনভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ সঙ্কট থেকে মুক্তি চায়। সঙ্কট থেকে উত্তরণের জন্য উভয় পক্ষ থেকে আন্তরিকতা প্রদর্শন দরকার।
চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে পরিষদের পক্ষ থেকে প্রস্তাব আকারে পেশ করা হয়। সেগুলো হল
বিরোধীদের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার চর্চা নিশ্চিত করা, সভা সমাবেশের ওপর থেকে বিধি নিষেধ তুলে নেয়া, দমন পীড়ন বন্ধ করা , আটককৃত রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়সহ সব ক্ষেত্রে মুক্ত রাজনৈতিক চর্চার পরিবেশ প্রতিষ্ঠা, গণমাধ্যমকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী। উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শিক্ষক নেতা প্রফেসর ড. সদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি আফম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএফইউজে মহাসচিব এমএ আজিজ, বিএসএমএমইউ সাবেক ভিসি প্রফেসর আব্দুল মান্নান মিয়া, ড্যাব এর সিনিয়র যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
জেআই





