খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলছে জামায়াত। অন্যদিকে আদালতের বিরুদ্ধে হরতাল দিচ্ছে। এটা আদালত অবমাননার শামিল।
বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ২২টি সংগঠন আয়োজিত হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, জামায়াতের ডাকা হরতালে খালেদা জিয়ার ইন্ধন আছে। এজন্যই তারা (জামায়াত) এতো সাহস পায়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
এমআর/ এআর





