ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাতে গেলে দলের নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
শুক্রবার কামরাঙ্গীরচর এলাকায় গণসংযোগ চালানোর সময়ে তিনি সাংবাদিকদের বলেন, মির্জা আব্বাসের হয়ে নির্বাচনী প্রচারের সময় নানা ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নেতা-কর্মীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। এজন্য সরকার সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযুক্ত করেন তিনি।
শুক্রবার সকাল ১০টায় কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে এদিনের মতো গণসংযোগ শুরু করেন আফরোজা আব্বাস।
মির্জা আব্বাস শিগগিরই জামিন পাবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আশা করি তিনি জামিন পেয়ে স্বাভাবিকভাবে ভোটারদের কাছে আসতে পারবেন। ভোটের মাধ্যমে 'সরকারের অপকর্মের' জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
হাইকোর্টে জামিন চাওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস এখন পর্যন্ত প্রচারণায় নামেননি, যদিও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন পুরোদমে নির্বাচনী প্রচারণায় রয়েছেন। তবে আব্বাসের স্থলে তার স্ত্রী আফরোজা আব্বাসই প্রচারণা চালাচ্ছেন।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে দক্ষিণে মির্জা আব্বাস এবং উত্তরে তাবিথ আউয়ালকে সমর্থন চূড়ান্ত করেছে বিএনপি। আদর্শ ঢাকা আন্দোলনে'র ব্যানারে তারা নির্বাচনে অংশ নেবেন। উত্তরের প্রার্থী তাবিথের প্রতীক বাস আর মির্জা আব্বাসের প্রতীক মগ।
কেএইচ





