ঢাকাকে বড় পরিবার মনে করেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদ প্রার্থী আনিসুল হক। তিনি বলেছেন, মেয়র নির্বাচিত হলে তাঁর দায়িত্ব হবে সততা দিয়ে নিষ্ঠা দিয়ে এ পরিবারটিকে আগলে রাখা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনের ফুটপাতে ঢাকা নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত ‘কেমন ঢাকা চাই-মেয়র প্রার্থী আনিসুল হক-এর প্রতি খোলা চিঠি’ অনুষ্ঠানে আনিসুল হক এসব কথা বলেন। ফুটপাতে লম্বা টেবিলে সাদা কাপড়ে ঢাকাবাসী তাঁদের প্রত্যাশার কথা লেখেন। আনিসুল হকের কাছে তাঁরা এক কিলোমিটার লম্বা চিঠিও লিখেন।

বাবা যেমন পরিবারকে আগলে রাখেন, তেমনি ২৪ লাখ ঢাকাবাসী পরিবারকে আগলে রাখার প্রত্যয় ব্যক্ত করে আনিসুল হক বলেন, পরিবারের সঙ্গে থেকে সর্বশক্তি দিয়ে বড় পরিবারটিকে একটু স্বস্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া এবং একটি ভালো নগরী উপহার দেওয়া চেষ্টা করব। তিনি বলেন, ‘ঢাকাকে আমি একটি বড় পরিবার মনে করি। মেয়র নির্বাচিত হলে আমার দায়িত্ব হবে সততা দিয়ে নিষ্ঠা দিয়ে এ পরিবারটিকে আগলে রাখা। গত ২১ দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি। মানুষের স্বপ্নের কথা শুনছি। এক কিলোমিটার দীর্ঘ এ চিঠি আমাকে শক্তিশালী করেছে।’

একটি নতুন জীবন শুরু হয়েছে উল্লেখ করে আনিসুল হক জানান, ২৪ লাখ ঢাকাবাসী পরিবারের সঙ্গে তাঁর পরিচিত হওয়া ও আত্মীয়তা শুরু হয়েছে।

আনিসুল হকের বক্তব্যের আগে ঢাকা নাগরিক সমাজের সদস্যসচিব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঢাকা নাগরিক সমাজের পক্ষে আনিসুল হককে মেয়র প্রার্থী হিসেবে সর্বাত্মক সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তুমুল করতালি দেন উপস্থিত জনতা। জনতার পক্ষ থেকে স্লোগান দেওয়া শুরু হলে ‘এখন স্লোগান দিও না’ বলে গোলাম কুদ্দুছ সবাইকে থামিয়ে দেন।

গোলাম কুদ্দুছ বলেন, খোলা চিঠির মধ্য দিয়ে ঢাকাবাসী জানান দিয়েছে আগামী দিনে তারা কেমন ঢাকা দেখতে চায়। সেই প্রত্যাশার কথাই আনিসুল হককে জানানো হয়েছে। তিনি নির্বাচিত হলে সেই ভাবেই ঢাকাকে গড়ে তুলবেন।

জেআই