নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নাম জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে নামের তালিকা জমা দেয়।
নামের তালিকা জমা দিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুপুর পৌনে ১টা পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের আলোকে আমরা নির্বাচন কমিশনের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছি।’
কাদের নাম প্রস্তাব করা হয়েছে, জানতে চাইলে রিজভী নাম প্রকাশ না করে বলেন, ‘একটি খামে করে পাঁচজনের নাম জমা দেওয়া হয়েছে।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে পাঁচজনের নাম জমা দিতে বলে সার্চ কমিটি।
এমএনজে





