বিএনপির চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া রাজবাড়ির জনসভায় যোগদানের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে পাটুরিয়া ফেরিঘাট পার হয়েছেন।
দুপুর পৌঁনে ২টায় খালেদা জিয়া গাড়িবহর নিয়ে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছান। এর আগে গুলশানের বাসা থেকে রওনা হওয়ার পর বেগম খালেদা জিয়াকে পথে পথে ফুলের শুভেচ্ছা জানিয়েছে হাজার হাজার মানুষ।  
প্রচন্ড রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রিয় নেত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও সাধারন জনগণ এতটুকু কুণ্ঠাবোধ করেনি। বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের ঢল নেমেছিল ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত। দলীয় সঙ্গীত আর ব্যান্ডের বাদ্যের তালে তালে প্রিয় নেত্রীকে অভিনন্দন জানান নেতাকর্মীরা।
সাদা রংয়ের গাড়িতে বসে থাকা বেগম খালেদা জিয়াও জনতার উদ্দেশ্যে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে আসা জনতার হাতে হাতে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, আর নানা রংয়ের ফেস্টুন। এসময় নেতাকর্মীরা তাদের স্থানীয় নেতাদের নামে পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে ধরে বিভিন্ন শ্লোগান দেন এবং উল্লাস প্রকাশ করেন।
এদিকে গুলশান বাসা থেকে রওনা হয়ে গাবতলী, সাভার, পার হয়ে তিনি দুপুর সোয়া ১টার দিকে মানিকগঞ্জে দলের সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করার জন্য যাত্রা বিরতি দেন। এসময় খালেদা জিয়া কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা,  সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা ও খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আক্তার হামিদ ডাবলু।
এদিকে গুলশানের বাসা থেকে যাত্রা শুরুর পর খালেদা জিয়াকে ঢাকার শ্যামলীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাবতলীতে মিরপুর, পল্লবী, শাহ আলী, কামরাঙ্গীর চর, কেরাণীগঞ্জ, দারুস সালাম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের সমর্থকরা, সাভার থেকে নবী নগর পর্যন্ত সাভার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কফিল উদ্দিন, ধামরাইয়ে ব্যারিস্টার জিয়াউর রহমান খানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
[b]ঢাকা, এমএইচ, ১মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]