বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো।
আজ (০২ এপ্রিল) মঙ্গলবার বিএসএমএমইউতে সাংবাদিকদের এইসব কথা বলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
গতকাল (সোমবার) দুপুর পৌনে ১টায় পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির চেয়ারপারসনকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
পরিচালক বলেন, “গতকাল খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, তিনি ভালো আছেন। নতুন তথ্য দেওয়ার কিছু নাই। চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। গতকাল যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলো তিনি খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।”
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক আরও বলেন, “গতকাল যে সমস্যা নিয়ে এসেছিলেন, সব শুনেই ওষুধ দেওয়া হয়েছে। আজকে উনার অবস্থা গতকালের চেয়ে ভালো।”

বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে কি না? জানতে চাইলে পরিচালক বলেন, “প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।”
এর আগে বিএনপির চেয়ারপারসন যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল বলেন, “আগের ব্যাপারে আমি নিজেও ছিলাম না। আমি এসেছি এখানে টু উইকস। সে ব্যাপারে আমি ডিটেইলস জানি না। না জেনে বলাটা ঠিকও হবে না। তবে গতকাল আসার পর এখন পর্যন্ত যা করছি, আমার মনে হয় চিকিৎসায় তিনি সন্তুষ্ট। তিনি চিকিৎসায় খুশি।”
উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) নাইকো মামলাটি করে। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে। হাইকোর্ট ওই বছরের ৯ জুলাই এই মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন।
প্রায় ৭ বছর পর ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি করেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ওই বছরের ডিসেম্বরে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন খালেদা জিয়া।
এমবি





