কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারসহ ৫ জন স্বজন। আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে জামিন শুনানির আগেই স্বজনরা তার সঙ্গে দেখা করলেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য তারা প্রবেশ করেন।

সোয়া এক ঘন্টা এই সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময়ে স্বজনদের কেউ সাংবাদিকদের সাথে কথা বলেননি।

শামীম ছাড়া স্বজনদের অন্যরা হলেন- তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, ভাই মরহুম সাইদ ইস্কান্দারের ছেলে শাফিন ইস্কান্দার এবং সেজ বোন সেলিমা ইসলামের ছেলে শাহরিয়া হক।

সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি সেজ বোন সেলিমা ইসলামসহ ৫ জন স্বজন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাতের পর সেলিমা ইসলাম তার বোনের গুরুতর অসুস্থতার কথা সাংবাদিকদের জানিয়ে উন্নত চিকিৎসার জন্য মানবিক কারণে তার বোনের মুক্তির দিতে সরকারের প্রতি দাবি জানান।

এরপর গত বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে আবেদন করেন, সেই বেঞ্চে শুনানী দিন ধার্য করা হয়েছে আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি)।

উল্লেখ্য, ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের পর ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।

পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল (২০১৯) খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

এমবি