দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মনে করে দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা- নতুন কমিটির কাছে এই তিনটি ‘বড় চ্যালেঞ্জ’ বলে মনে করেন তিনি।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় আওয়ামী লীগের নতুন কমিটি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

বিএনপির নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে-এটা জেনেও তারা অভিযোগ করছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও তিনি বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা নবম ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাকি ৭৯টি পদের মধ্যে ৪০ পদে নেতাদের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য সংখ্যা ৮১।

শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, একজন সাংগঠনিক সম্পাদক ও তিনটি সদস্য পদ এখনও ফাঁকা রাখা হয়েছে।

ঘোষিত কমিটিতে স্থান হয়নি বিগত কমিটির বেশ কয়েকজন নেতার। এছাড়া নবগঠিত কমিটি থেকে বাদ পড়েছেন ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

এএস