কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বলে দাবি করেছে দলটি। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের জনসমাবেশ থেকে খালেদা জিয়ার সহসা মুক্তির বিষয়ে ‘বড় ধরনের বার্তা’ দেবে বিএনপি বলে জানা গেছে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সমাবেশ করার অনুমতির জন্য ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। তাদের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।

তবে ডিএমপির মতিঝিল জোনের উপ-কমিশনার জামিল হাসান গণমাধ্যমকে জানান, বিএনপি অনুমতির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনও তাদের কিছু জানানো হয়নি।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা নির্বাচন (ঢাকা সিটি করপোরেশন) শেষ করেছি, এখন আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। এই আন্দোলনের ধারা যে নতুন রূপ নেবে সেখানে আমাদেরকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমি আশা করবো, আগামীকাল যে জনসভার ডাক দেয়া হয়েছে, তাতে আপনারা সকলে শক্তিশালীভাবে উপস্থিত হবেন। আমরা এই জনসভাকে এমন একটি জনসভায় পরিণত করব, যে জনসভা থেকে দেশে-বিদেশে ম্যাসেজ যাবে দেশনেত্রীর মুক্তি যাতে অতি সহসা হয়। আগামীকালের জনসভা থেকে বড় ধরনের একটা ম্যাসেজ আমরা দিতে চাই।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভোগের দুই বছর পূর্তির দিনে তার দল শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের পর ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।

এমবি