আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির সাজানো নাটক। খালেদা জিয়া মূলত রাস্তায় নাটক করেছেন, হামলার নাটক সাজিয়েছেন। ওই নাটকের তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।'

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রুশ বিপ্লবের শতবর্ষ পূর্তি ও সাম্যবাদী দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, 'খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে কিংবা সমবেদনা জানাতে যাননি। রোহিঙ্গাদের অবলম্বন করে নির্বাচনী প্রচারণা করতে গিয়েছেন। শোডাউন করে লোক দেখাতে গিয়েছেন। আগামী নির্বাচনই বলে দেবে কার কত লোক আছে।'

তিনি বলেন, 'খালেদা জিয়া সত্যিই রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতা করতে গেলে বিমানেই যেতে পারতেন। প্রায় তিন মাস পর সেজেগুজে কোটি টাকা খরচ করে ও সারি সারি গাড়ি নিয়ে যেতেন না।

পেট্রোল খরচ আর সাজগোজে যে টাকা খরচ করা হয়েছে সেই টাকা দিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহযোগিতা করতে পারতেন।'

১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, 'রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়েও সেখানে খালেদা জিয়া মিথ্যাচার করে বলেছেন, সরকার ও আওয়ামী লীগ রোহিঙ্গাদের জন্য কিছুই করেনি।

একজন সাবেক প্রধানমন্ত্রী এতবড় মিথ্যাচার করতে পারলেন কীভাবে? এই মিথ্যাচারের জবাব দেশের মানুষ আগামী নির্বাচনেই দেবে।'

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ।

এমএ