সরকারকে হুশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেছেন, এইচটি ইমাম আমাদের লোক তার গায়ে হাত দিবেন না। তাহলে সত্য প্রকাশের জন্য আরও এইচটি ইমাম রয়েছে। তারাও একে একে সত্য ফাঁস করে দিবে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দলের লোকদের ওপর অত্যাচার করে লাভ হবে না। সব জায়গায় আমাদের লোকজন আছে। সময় আসলে একে একে সবাই সত্য কথা বলে দিবে।
বিএনপির মূল শক্তি ৫৬ হাজার বর্গমাইলের ১৬ কোটি জনগণ। দল থেকে দু-চারজন নেতাকর্মীকে বাগিয়ে নিলে বিএনপিকে দুর্বল করা যাবে না।
সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এমন দাবী করে মারুফ কামাল বলেন, এখন তারা রাষ্ট্রীয় পেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। আর এজন্যই ছাত্রলীগ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
দেশের আজ এই ভয়াবহ অবস্থায় কোনো মানুষ নিরাপদ নয়। জনগণ শান্তিতে নেই। যদি দেশের মানুষ শান্তিতে থাকত তবে বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না।
সরকারের কাছে তারেক রহমানকে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টির জন্য কোনো আবেদন নিবেদন করে লাভ নেই। দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করইে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আর এই কাজটি করতে হবে বিএনপি নেতাকর্মীদের।
তিনি বলেন, বর্তমান যুগে ব্যক্তিগত বীরত্ব দেখানোর সুযোগ নেই। বর্তমান প্রেক্ষাপটে যে দলের জনসমর্থন বেশি তারই আন্দোলনে বিজয়ী হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব বলেন, আন্দোলনের প্রস্তুতি চলছে। আন্দোলনের আগে যে হোম ওয়ার্ক করতে হয় বিএনপি সেই অবস্থায় আছে। আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তবে এমন কিছু করা যাবে না যাতে দলের বৃহৎ ক্ষতি হয়।
সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির যুগ্মমহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এমএইচ





