বাংলাদেশে আগামীতে আর কখনো তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর, ওয়ারী ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার তত্ত্বাবধায়কের স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। আগামী ৫ বছর পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ভালো লাগলে সে নির্বাচনে খালেদা জিয়া আসতে পারে,ভালো না লাগলে নাও আসতে পারে। এটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছা।
কামরুল বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ শক্তিশালী সংগঠনই পারে দেশকে এগিয়ে নিতে। খালেদা জিয়া হুমকি দিচ্ছে তার হুমকিকে প্রতিরোধ করতে আমাদের সংগঠিত ঐক্যব্দ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া খলেদা জিয়াকে এ দেশে আর নাশকতা করতে দেয়া হবে না।
বিকাল সোয়া ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
ঢাকা,এমআর,১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর