বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বার গণআন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার পুনরোদ্ধার করতে হবে।
শনিবার সকালে সদ্য কারামুক্ত দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে নিয়ে শহীদ জিয়ার মাজারে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ৫জানুয়ারি প্রহসনের নির্বাচন করতেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটক করে কারাগারে নেয়া হয়েছিল। কিন্তু হামলা-মামলা আর নির্যাতন করে জনগণকে ভোটধিকার থেকে বঞ্চিত করে রাখা যাবে না।
সরকার বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের আইনের সুযোগ থেকে বঞ্চিত রাখছে বলেও তিনি অভিযোগ করেন।
সরকারের প্রতি অভিযোগ করে তিনি আরো বলেন, গায়ের জোরে অস্ত্রের মাধ্যমে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না এই বিষয়টি এই অবৈধ সরকারকে দ্রুত অনুভব করতে হবে।
এসময় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল নেতাকর্মী মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,এমএইচ, ৮ফেব্রুয়ারি(টাইম নিউজবিডি.কম)//এসএইচ
[/b]