আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিরুপ প্রভাব পড়েছে। আর সেই সন্ত্রাস থেকে শিক্ষা নিয়েই সন্ত্রাসীরা সিলেটে এক কিশোরকে নির্মমভাবে হত্যা করেছে।’

জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা ওই আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা ও তার পুত্রের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে। খালেদা জিয়ার হুকুমেই ঘুমন্ত মানুষকে পেট্রলবোমায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব সমাজে লক্ষণীয়। খালেদার সন্ত্রাসে উজ্জীবিত হয়েই সিলেটের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ফখরুলের জামিন চান কি না সন্দেহ আছে। বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্যদের নিয়ে যে বৈঠক হলো সেখানে উনি (খালেদা) ভাঙনের সুর দিয়েছেন।

তাদেরকে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে গিয়ে মন্ত্রী হন।’

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘লজ্জা থাকলে তাদের (বিএনপি নেতাদের) বিএনপি ছেড়ে দেওয়া উচিত। খালেদা জিয়া চাইছেন, ২১ আগস্ট তারেক জিয়ার সঙ্গে যারা গ্রেনেড হামলায় জড়িত ছিলেন, তাদের পাশে রাখতে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘হজ নিয়ে আপনি রাজনীতি করবেন না। ওমরা পালনের নামে সৌদী আরবে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়াই ছিল আপনার উদ্দেশ্য। সে ষড়যন্ত্র ভেস্তে গেছে।’

প্রজন্মলীগ নারাণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

এমকে