ব্রাহ্মণবাড়িয়ার ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিকাল ৪টায় তিনি স্থানীয় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভাস্থলে উপস্থিত হন। এসময় উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। বেগম জিয়াও জনতার উদ্দেশ্যে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গুলশানের বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে তার গাড়িবহর ফার্মগেট-নয়াপল্টন-যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ পার হয়ে নরসিংদী ও ভৈরব হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেন তিনি।
উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ ও সুষ্টু জাতীয় নির্বাচন আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে দেশব্যাপী যে নিরন্তর আন্দোলন ও চলমান সংগ্রামকে আরো বেগবান করতেই ব্রাহ্মণবাড়িয়ার এই জনসভা।
ঢাকা, এমএইচ, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





