বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না মন্তব্য করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বঙ্গবন্ধু স্বাধীন দেশের সঙ্গে সঙ্গে স্বাধীন একটি জাতি, পূর্ণাঙ্গ একটি সংবিধান দিয়েছেন।

শুক্রবার বিকালে গাইবান্ধার ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি-জামায়াত জোট স্বাধীনতার বিরোধীতার মত সরকারের ভালো সব কর্মকাণ্ডেরও বিরোধিতা করে চলেছে বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালে দেশে হত্যা, খুন, ধর্ষণের রাজত্ব কায়েম করেছিলো স্বাধীনতা বিরোধী চক্র। ওই চক্রটি আজ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কখনই তা হতে দেবে না।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু নিজে খালেদা জিয়ার ভাঙা সংসার গড়ে দিলেন। অথচ আজ বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতেই খালেদা জিয়া পালন করেন জন্মদিন। তিনি এ ধরনের ভণ্ডামো পরিহারের আহ্বান জানান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মনতোষ রায় মিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুজিত কুমার রায়, যুবলীগ নেতা আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা জিহাদুর রহমান মওলা প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং এলাকার তিনটি সমাজসেবা সংগঠনের কর্মকর্তাদের হাতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্ধ লাখ টাকার চেক বিতরণ করেন ডেপুটি স্পিকার।

পরে ১৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার মাদ্রাসায় মহিলাদের নামাজ ঘর ও ওজুখানা উদ্বোধন এবং দুপুরে মাদ্রাসা মাঠে এতিম, গরীব-দুঃখী মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ