তৃতীয় দফা উপজেলা নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে আশংকা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিশন নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এই কমিশনের অধীনে অতীতেও নির্বাচন সুষ্ঠ হয়নি ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভবনা নেই।
শুক্রবার সকালে সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের সমস্ত বাধা উপেক্ষা করে জনগণ এই সরকারের প্রতি অনাস্থা জানাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করবে।
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ফখরুল বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে নিত্যপণ্যের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। এর ফলে সাধারন মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা আবারও সরকারের কাছে আহ্বান জানাই বিদ্যুতের দাম না বাড়ানোর।
এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের বিরোধী কোন সিদ্ধান্ত গ্রহণ করলে বিএনপি সবসময় তার জোরালো প্রতিবাদ করেছে। সব সময় করবে। কারণ বিএনপি অতীতেও জনগণের আশা আকাঙ্খা নিয়ে কোন আপস করেনি,  আগামী দিনেও করবেনা।
মহানগর কমিটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে বিএনপির মহানগর কমিটি যথাসময়ে ঘোষনা করা হবে।
[b]ঢাকা, এমএইচ, ১৪ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]