বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ সিঙ্গাপুর থেকে আজ (১৮ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।
জানাজা শেষে আগামীকাল (১৯ মার্চ) শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
মওদুদ আহমদের মরদেহের সঙ্গে তার স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদও দেশে ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ঢাকাসহ দেশজুড়ে একদিনের শোক পালন করছে বিএনপি। গতকাল (১৭ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
শায়রুল কবির খান জানান, মরদেহ দেশে আসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার (১৯ মার্চ) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে নোয়াখালীতে নেওয়া হবে। কোম্পানীগঞ্জ কলেজ মাঠে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন সম্পন্ন করা হবে।
সাবেক আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
গত ০২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মওদুদ। এরপর ১০ মার্চ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
এর আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে দুই দফায় মওদুদ আহমদকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তাঁর ফুসফুসে পানি জমে যায়। পরে এভার কেয়ার হাসপাতাল থেকে তাঁকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুরে আছেন স্ত্রী হাসনা মওদুদ আহমেদ।
মওদুদ আহমদ আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি ছিলেন। এরশাদ সরকারের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে এর আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। জিয়াউর রহমানের শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এমবি





