প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেছেন, “ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।”

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাবে আড়াই হাজার কোটি টাকা (তিন শ মিলিয়ন ডলার) জমা আছে। যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলার নথিতে এটি আছে বলেও দাবি করেন খালেদা জিয়া।

এরই প্রতিক্রিয়ায় দেয়া স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় আরও উল্লেখ করেন, “একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাঁদা ছোড়া উচিত নয়।”

স্ট্যাটাসে জয় বলেন, “ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।”

জয় আরও বলেন, “আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিল তারাও সেটি খুঁজে পায়নি। এমনকি এফবিআই সেটি পায়নি। এটা এ জন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনো দিন অর্জন করিনি। আমি তত ধনী নই।”

জয় বলেন, “অপরদিকে, খালেদা জিয়া হলেন একজন মিথ্যাবাদী এবং একজন চোর।”

কেবি