নাটোরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশ আজ শনিবার। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।
সমাবেশকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো জেলা। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজা থেকে শুরু করে রাজশাহীর সীমানা ও বগুড়ার নন্দীগ্রাম ও পাবনা দাশুড়িয়া পর্যন্ত দীর্ঘ মহাসড়ক এবং জেলার অভ্যন্তরীণ সকল সড়কে নির্মাণ করা হয়েছে প্রায় ৩ শতাধিক তোরণ।
রাস্তার পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সংবলিত শত শত ডিজিটাল বোর্ডে ঢেকে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ সকল বাজারঘাট ও মোড়ে মোড়ে তোরণ নির্মাণের পাশাপাশি লাগানো হয়েছে ডিজিটাল বোর্ড। করা হয়েছে আলোকসজ্জা।
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের সকল শীর্ষ নেতাদেরকে স্বাগত জানাতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে জনসমাবেশস্থল সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠ পর্যন্ত মহাসড়কের দুই পাশে রঙিন বাতি, রঙিন কাপড়, জাতীয় ও দলীয় পতাকা ছাড়াও লাল সবুজসহ নানা রংয়ের পতাকায় এবং ডিজিটাল ব্যানার, ছবি আর তোরণে সাজানো হয়েছে।
সন্ধ্যা হলেই জ্বলে উঠছে নানা রংয়ের মনোমুগ্ধকর আলোকসজ্জা। ব্যস্ত শহরের নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা রাতে এসব নানা রংয়ের মনোমুগ্ধকর আলোকসজ্জা দেখতে ভিড় করছে। শহর ছাড়াও বড় হরিশপুর বাইপাস মোড়ে একই ধরনের আলোকসজ্জা দেখতে ভিড় করছে মানুষ।
শহরের সব মানুষ যেন সাবেক এ প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেতাদের বক্তব্য শুনতে পারেন- এ জন্য ইতোমধ্যে ঢাকার একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক মাইক এনে শহরজুড়ে লাগানো হয়েছে। তৈরি করা হয়েছে ৬০ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘ্যের সুবিশাল মঞ্চ। মঞ্চে এক সঙ্গে ৩০০ নেতাকর্মী বসার ব্যবস্থা রয়েছে।
নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শনিবার দুপুরে সমাবেশ আহ্বান করা হলেও সকাল ১০টার মধ্যে নাটোর সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠ ও আশপাশের রাস্তাঘাট মানুষে ভরে যাবে।
দুপুরের আগ পর্যন্ত কণ্ঠশিল্পী মুনির খান, কনকচাঁপা এবং রিজিয়া পারভীন সঙ্গীত পরিবেশন করবেন। বাদ জোহর সমাবেশ শুরু হবে। বিকাল ৩টার মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসভা মঞ্চে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, কোনো বিদেশি মেহমানকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদান করা হয় তেমনি স্মরণকালের সবচাইতে জাঁকজমকপূর্ণভাবে নাটোর শহরকে সাজানো হয়েছে। এর আগে কোনো শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রীকে এতটা জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানোর নজির নাটোরে নেই।
২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের আগে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান।
জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বিজিপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বীরপ্রতীক, এলডিপির কর্নেল অলি আহম্মেদ, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, জাতীয় পাটি (জাফর) মোস্তফা জামাল হায়দার, এনডিপির খন্দকার গোলাম মতুর্জা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পাটির্র মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গণি এবং সাম্যবাদী দলের সাইদ আহমেদসহ ২০ দলের জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।
জেএ





