নির্বাচন কমিশন (ইসি) এখনো ২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির প্রধান ও বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, সরকার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আর গ্রেফতার হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মরদেহ মেলে বুড়িগঙ্গায়।
আজ (২৩ নভেম্বর) শুক্রবার বিকালে রাজধানীর মতিঝিলে আরামবাগে গণফোরামের কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি এইসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, সরকার এখনই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আর গ্রেফতার হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এইসব দেখেও নির্বিকার ইসি। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মরদেহ মেলে বুড়িগঙ্গায়। চট্টগ্রাম থেকে সাবেক মন্ত্রী এহছানুল হক মিলন ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।
প্রশাসনের দলবাজ কর্মকর্তা প্রত্যাহার বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশের বক্তব্যকে দ্বিমুখী উল্লেখ করে এর সমালোচনা করেন সমন্বয় কমিটির প্রধান বুলু।
বরকত উল্লাহ বুলু বলেন, “নির্বাচন কমিশন এখনো ২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি। এমন কোনো দিন নেই যে বাড়িতে হামলা হচ্ছে না, তল্লাশি চালানো হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি হবে।” এ লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় চিঠি দেয়া হয়েছে।
নির্বাচনে আসন ভাগাভাগি ও মনোনয়ন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে বুলু বলেন, এসব দায়িত্ব ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির। মনোনয়নকৃতরা নির্বাচনের সময় জেলে থাকলে সেখান থেকেই তারা নির্বাচনে অংশ নেবেন। তবে বিকল্প প্রার্থীও থাকবে।
এমবি





