জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বেগম খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার বকশীবাজারে অবস্থিত অস্থায়ী আদালতে যাবেন।

বুধবার খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আদালতে হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার বকশীবাজারে যাবেন। সেখানে তার উপস্থিতিতে দুর্নীতির দুই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে।’

এর আগে গত ২৫ মে খালেদা জিয়া একই আদালতে হাজিরা দিয়েছেন। ওই দিন খালেদার আইনজীবীরা শুনানির জন্য যে প্রস্তুতির দরকার, তা ছিল না মর্মে একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ১৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির ওই দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে বকশীবাজারের কারা প্যারেড গ্রাউন্ডে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

অন্যদিকে, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।
এমএইচ