আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগস্ট মাস বাঙ্গালী জাতির জন্য শোকের মাস। প্রতিবারের ন্যায় এবারও যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট মিথ্যা ও ভুয়া জম্মদিন পালন করেন। তাহলে প্রমাণিত হবে তিনি (খালেদা জিয়া) ১৯৭৫ এর ঘাতকেদের সঙ্গে ছিলেন।
শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সঙ্গে সহযোগি, ভ্রাতৃপ্রীতম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বাঙ্গালী জাতির শোকের দিনে খালেদা জিয়া মিথ্যা জম্মদিন পালন করেন। জাতির জন্য এটা অত্যন্ত দু:খজনক। তাকে আমরা অতীতেও অনুরোধ করেছি। এখনো অনুরোধ করবো তিনি (খালেদা জিয়া) যেন ১৫ আগস্ট মিথ্যা ও ভুয়া জম্মদিন পালন না করেন।
এ সময় শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ আওয়ামী লীগ মোট ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, নূহ-উল-আলম লেলিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রেলমন্ত্রী মুজিবুল হক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ আওয়ামী লীগের সহযোগি ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা, এমআর, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





