ঢাকা-৭ (লালবাগ, চকবাজার) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি এবং সাবেক কমিশনার মোশারেফ হোসেন খোকনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন,‘ (২৮ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়ার পরও তার (খোকন) কোনো হদিস পাওয়া যাচ্ছেনা। আইনশৃঙ্খলা বাহিনীই তাকে গ্রেফতার করেছে।’

বুধবার(২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,‘‘শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-গোসাইরহাট-ডামুড্যা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মিয়া নুর উদ্দিন অপু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিলের উদ্দেশ্যে ভেদরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে রওয়ানা হলে পথিমধ্যে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এমনকি মিয়া নুর উদ্দিন অপুকে কার্যালয়ে ঢুকতেও দেয়া হয়নি। সন্ত্রাসীরা নির্বিচারে বিএনপি নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আওয়ামী গুন্ডারা বিএনপি নেতাকর্মীদের নিকট থেকে ১৫টি মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়। বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং মোটরসাইকেল লুটের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাদের অসহায়ত্ব প্রকাশ করে বলে যে, ‘তাদের কিছুই করার নেই।’ এরপর একই নির্বাচনী এলাকা গোসাইরহাট এলাকার মধ্য দিয়ে ফিরে আসার সময় আওয়ামী লীগের স্থানীয় সভাপতির নেতৃত্বে সশস্ত্র ক্যাডার’রা মিয়া নুর উদ্দিন অপু’র গাড়ীবহরে ব্যাপক আক্রমণ চালিয়ে ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের আহত করে।’’

দলের তিনজন গুরুত্বপূর্ণ নেতা আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল হাবিবউন নবী খান সোহেল নির্বাচন করছেন না এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে রিজভী বলেন, ‘তাদেরকে জিজ্ঞাস করুন। এটা তাদের ব্যক্তিগত বিষয়। দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, সবাই যে নির্বাচন করবেন সেটা তো ঠিক নয়। নির্বাচনকে কেন্দ্র করে তো আরও অনেক কাজ, অন্যান্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: ব্রেকিং নিউজ

জেড