ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা আমরা এক সময় করবো বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন হুঁশিয়ারি দেন।

দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ে এভাবে সংবাদ সম্মেলন করে দাবি জানালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কি আপনাদের কথা শুনবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, 'আওয়ামী লীগকে কীভাবে শুনাতে হয় তার ব্যবস্থা হবে আমাদের এক সময়। এতো চিন্তা করে লাভ নেই।’

বেগম জিয়ার চিকিৎসার জন্য প্যারোলের বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন, 'আমরা প্যারোল চাইবো না। তিনি (খালেদা জিয়া) অসুস্থ তার চিকিৎসা দরকার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারমনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এবি এম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল প্রমুখ।