ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দায়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে অপসারণের যে সংবাদ শোনা যাচ্ছে তার কোন ভিত্তি নেই। সরকার এর মাধ্যমে জনগণের মাঝে ধুম্রজাল সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার জনরোষ থেকে বাঁচতেই সরকার এমন কাজ করেছে। এর আগেও বিভিন্ন ব্যাপারে এমনটি করেছে সরকার। এর মাধ্যমে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়। কারণ মন্ত্রী পরিষদ সচিব তিনি মন্ত্রীর অপসারণের ব্যাপারে কিছুই জানেন না।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত লতিফ সিদ্দিকীর অপসারণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। সেই সঙ্গে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন। না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে ২০ দল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচীতে ২০ দলের সমর্থন রয়েছে। ঈদ ও পূজার কারণে আমরা কর্মসূচী দিচ্ছি না তবে এ মধ্যে সরকার ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম