বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

আজ (২৩ ডিসেম্বর) রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

এইচটি ইমাম বলেন, সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস বাহিনীর কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও নিহতের ঘটনা ঘটছে।

“আপনারা দেখেছেন-নির্বাচনের আগে নীলনকশা অনুযায়ী বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জোট সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনের মাঠে না থেকে, দেশে সর্বত্র সন্ত্রাস, নৈরাজ্য ও হামলা পরিচালনা করছে।”

তাই বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান এইচটি ইমাম।   

তিনি বলেন, আওয়ামী লীগের অন্য জোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করছে এবং মিডিয়াতে লাগাতার মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে।

এমবি