[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়া বুধবার সংবাদ সম্মেলনে যে বক্তব্য ও কর্মসূচি দিয়েছেন তাকে সময়োপযোগী, বাস্তবসম্মত, দূরদর্শী ও প্রাজ্ঞ আখ্যায়িত করে তার প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাজী জাফর বলেন, 'জাতীয় পার্টির পক্ষ থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বক্তব্য ও কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং জাতীয় পার্টির সকল স্তরের নেতা ও কর্মীদের উক্ত কর্মসূচীতে অংশ গ্রহণের আহ্বান জানাচ্ছি।'
এর আগে বুধবার বিকালে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বলেন, 'গণতন্ত্র আজ মৃত। একটি হাস্যকর প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে দেশে কার্যত বাকশাল কায়েম করা হয়েছে। গায়ের জোরে টিকতে পারবে না এই সরকার।'
বর্তমান সরকারকে তিনি বিপজ্জনক ও অবৈধ আখ্যায়িত করে বলেন, 'এই সরকারকে দীর্ঘায়িতি হতে দেওয়া যায় না। অবিলম্বে এই সরকারকে সরিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।'
তিনি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে পুনরায় আলোচনা ও সমঝোতার আহ্বান জানান। একইসাথে তিনি বর্তমান সময়ের জন্য উপযোগী ২০ জানুয়ারি গণসমাবেশ এবং ২৯ জানুয়ারী কালো পতাকা মিছিল অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আন্দোলনের প্রারম্ভিক কর্মসূচি ঘোষণা করেন।